ইরাক ও সিরিয়ার লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। এছাড়া মধ্যপ্রাচ্যে ‘ইচ্ছাকৃতভাবে’ আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি বাড়ানোর জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে এই দুই দেশ।
সোমবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই অভিযোগ তোলে রাশিয়া ও চীন। খবর আল জাজিরা।
রাশিয়া নিরাপত্তা পরিষদের এ জরুরি বৈঠক আহ্বান করেছিল। বৈঠকে দেশটি আরও জোর দিয়ে বলে যে, মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা চালানোর সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত।
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের বিমান হামলার লক্ষ্য সুনির্দিষ্টভাবে, ইচ্ছাকৃতভাবে সংঘাতকে বাড়ানো। তিনি দাবি জানান যে, নির্বাচনের আগে এই হামলা প্রেসিডেন্ট জো বাইডেনের ভাবমূর্তিকে বৃদ্ধি করতেই করা হয়েছে।
এদিকে হামলার নিন্দা জানিয়েছে চীনও। বেইজিংয়ের রাষ্ট্রদূত ঝাং জুন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের ধারণা যে তারা মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও সংঘাত সৃষ্টি করতে চায় না, কিন্তু বাস্তবে তা ঠিক তার বিপরীত।"
তিনি আরও বলেন, "মার্কিন সামরিক পদক্ষেপ নিঃসন্দেহে এই অঞ্চলে নতুন অশান্তি সৃষ্টি করছে এবং উত্তেজনা আরও তীব্র করছে।"
গত ২৮ জানুয়ারি জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে তিন মার্কিন সেনা নিহত হন। এর জবাবে ইরাক ও সিরিয়ায় ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। গত শুক্রবার রাতভর দেশ দুটির কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
সংঘাত, হামলার মধ্যেই ইয়েমেনে নতুন প্রধানমন্ত্রী
ইয়েমেনে ৩০০ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র