গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার আরও ৩ মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর শাহজাহানপুর, পল্টন ও রমনা থানার এসব মামলায় আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ১১ মামলার মধ্যে এ নিয়ে ৯ মামলায় জামিন পেলেন বিএনপির এই শীর্ষ নেতা। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।
এ ঘটনায় রমনা, পল্টনসহ বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের নামে মোট ১১টি মামলা হয়। এর সবকটিতে মির্জা আব্বাসকে আসামি করা হয়। এসব মামলার মধ্যে দুটি মামলায় তাকে ঘটনার পরই গ্রেপ্তার দেখানো হয়। গত ১ ফেব্রুয়ারি পল্টন ও রমনা থানায় করা ৯ মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন ও তা মঞ্জুর হওয়ার পর গত সোমবার এই আদালতে মির্জা আব্বাসের জামিন শুনানি করেন তার আইনজীবীরা। ওই দিন পল্টন থানার ৫ মামলার মধ্যে চারটিতে এবং রমনা থানার ৪ মামলার ২টিসহ ৬টি মামলায় জামিন পান তিনি।
মঙ্গলবারের ৩টি মামলায় জামিনসহ এখন পর্যন্ত ৯ মামলায় জামিন পেলেন তিনি। গত বছরের ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগের বাসা থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে ডিবি। এরপর ১ নভেম্বর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
দেশের প্রথম ক্যান্সার প্রতিরোধ বিভাগ চালু গণস্বাস্থ্য নগর হাসপাতালে
বাংলাদেশকে নিজের দেশ মনে হচ্ছে: মিশরের রাষ্ট্রদূত