গাজীপুরের শ্রীপুরে ১৭ ঘণ্টার ব্যবধানে ফের এক প্রবাসী ও এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা অন্তত ২০টি মোটরসাইকেল নিয়ে দেশীয় ধারালো অস্ত্রের মহড়া দেয় এলাকা জুড়ে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য জনশূন্য হয়ে পড়ে রাস্তাঘাট। ভয়ে মানুষ দিগ্বিদিক পালিয়ে যায়। আজ রাত পৌনে ৮টার দিকে তেলিহাটি ইউনিয়নের দক্ষিণ মুলাইদ গ্রামের শফিক মোড়ে এলাকায় এ গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গুলি ছোড়া আর অস্ত্রের মহড়ার একটি ভিডিও ফুটেজ এরিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে ভোররাতে দক্ষিণ ভাংনাহাটি এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়ে এক দল দুর্বৃত্ত। এ সময় ওই বাসার বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। সে রেশ কাটতে না কাটতেই দুটি বাড়িতে গুলি করল অস্ত্রধারীরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ রয়েছে চরম আতঙ্কে। তবে পুলিশ বলছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
এ গুলির ঘটনায় দুটি আবাসিক বাসার জানালা ছিদ্র হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই দিনে উপজেলায় বড় ধরনের দুটি গুলির ঘটনায় আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ চরম ভয়ে রয়েছেন। তবে পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারীদের ধরবে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকার সৌদিআরব প্রবাসী মাহবুব আলমের বাসা লক্ষ্য করে গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত। একই সময় পাশের কলেজ শিক্ষক শিপুল খন্দকারের ভাড়া বাসার একটি রুম লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে ওই দুটি বাসার জানালার গ্লাসে ছিদ্র হয়ে যায়।
তারা জানান, ২০-২২টি মোটরসাইকেলে অন্তত অর্ধশত দুর্বৃত্ত এই হামলা চালায়। তাদের সবার হাতেই ধারালো দা, ছুরি, লোহার রড, হকিস্টিক ছিল। এ সময় উল্লাস করতে করতে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে অস্ত্র-মহড়া দেয় তারা। এতে এ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য ভয়ে রাস্তায় মানুষ চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, অস্ত্র মহড়া ও গুলির ঘটনায় একটি সিসি টিভির একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এলাকায় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিজেদের আধিপত্য বিস্তার করতেই এ অস্ত্র মহড়া ও গুলির ঘটনা ঘটেছে বলে জানান তারা।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলি ছোড়ার আলামত পাওয়া গেছে। গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্ত অস্ত্রধারীদের ধরতে পারবে পুলিশ।
