সরকারের বিভিন্ন দপ্তরে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
সরকারি দলের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনপ্রশাসন থেকে সর্বশেষ প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব গভর্নমেন্ট সার্ভেন্ট ২০২২’ মোতাবেক সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে ২০১৯-২০২৩ সাল মেয়াদে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, শূন্য পদগুলো পূরণে সুনির্দিষ্ট বিধি মোতাবেক নিয়মিত কার্যক্রম চলমান। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর অধীন দপ্তর-সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নবম (পূর্বতন প্রথম শ্রেণি) ও ১০ থেকে ১২ গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।
