পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জেনারেল সেক্রেটারি ওমর আইয়ুব দাবি করেছেন পিটিআই পরবর্তী সরকার করার অবস্থানে রয়েছে। ফলাফলে যেন কোনো হেরফের না হয়। এদিকে পিটিআই নেতা ও সাবেক মন্ত্রী হাম্মাদ আজহার বলেছেন, মোবাইল নেটওয়ার্ক এখনও বন্ধ কেন?
পাকিস্তানের নির্বাচনের ফলাফল প্রকাশে দেরি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওমর আইয়ুব ও হাম্মাদ আজহার এ মন্তব্য করেছেন।
জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ইমরান খানের দল ১৩৬ আসনে এগিয়ে আছে দাবি করে পিটিআই বলছে, জনগণ অভূতসংখ্যায় ভোট দিয়ে নিপীড়নের জবাব দিয়েছে। কারচুপির জন্য ফলাফল ঘোষণায় বিলম্ব করা হচ্ছে বলে দলটির দাবি।
এর আগে ব্যাপক কারচুপির অভিযোগের মধ্যে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে গতকাল ভোট গ্রহণ করা হয়েছে। এরপর শুরু হয় ভোটগণনা।
রাত একটার পরও পাকিস্তানি গণমাধ্যমে কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। ভোটের ফলাফল সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
