রাজশাহী রেলস্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য মারপিটে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্যের নাম মাইনুল ইসলাম (৪৫)। তিনি গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর পালপুর গ্রামের জয়েন উদ্দিন ছেলে। নগরীর শিরোইলে রাজশাহী রেল স্টেশনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
রামেক হাসপাতাল সূত্র জানা গেছে, আহত অবস্থায় রাজশাহী রেল স্টেশন থেকে আনসার সদস্য মাইনুল ইসলাকে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনসার ভিডিপির জেলা কমান্ডার রাকিবুল ইসলাম জানান, মাইনুল ইসলাম রেলস্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাত ৯টা ১৫ মিনিটের দিকে সন্দেহভাজন হিসাবে কয়েকজন যুবক রেলস্টেশনের মধ্যে ঘোরাঘুরি করছিল। এ সময় স্টেশন ম্যানেজার আব্দুল করিম ওই আনসার সদস্যকে স্টেশনে ঘোরাঘুরি করা ওই যুবক কারা ও পরিচয় নিশ্চত হতে বলেন। ম্যানেজারের নির্দেশে তিনি ওই যুবকদের কাছে গিয়ে তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই ৪-৫জন যুবক আনসার সদস্য মাইনুল ইসলামকে মারপিট করে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অন্য আনসার সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার জানান, স্টেশনে দায়িত্বপালনের সময় একজন আনসার সদস্য নিহত হয়েছেন। স্টেশনের প্লাটফর্মে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে ছিলেন। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।
