পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রায় ১৩ ঘণ্টার পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ১৫০টি আসনের ফল জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
এতে দেখা গেছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। আইনি প্রতিবন্ধকতার কারণে পিটিআই-সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
১৫০টি আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৬২টি আসনে। অপরদিকে নওয়াজের দল ৪৬টি আসনে জয় পেয়েছে। এছাড়া বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি জয় পেয়েছে ৩৪টি আসনে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ৫টি আসনে। এছাড়া অন্য দলগুলো বাকি আসনে জয় পেয়েছে।
পাকিস্তানের আরেকটি সংবাদমাধ্যম দ্যা ডন বাংলাদেশ সময় সাড়ে ৪টা পর্যন্ত মোট ৭২টি আসনের ফল জানিয়েছে। এর মধ্যে পিটিআই সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছে ২৮টি আসনে। পিএমএল-এন ১৯টি আসনে, পিপিপি ১৮টি এবং অন্য দলগুলো ছয়টি আসনে জয় পেয়েছে।
ডনের খবরে বলা হয়েছে, কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।
পাকিস্তানে জাতীয় পরিষদে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই বৃহস্পতিবার ভোট হয়েছে ২৬৫ আসনে।
‘সরকার গঠন করবে পিটিআই, প্রধানমন্ত্রী ইমরান খান’
পাকিস্তানে ভোটের ফল ঘোষণায় বিলম্ব, কারচুপির অভিযোগ
স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপর্যস্ত নওয়াজ শরিফ, আরেক আসনে পিছিয়ে
বিপুল ভোটে জিতলেন পিটিআই চেয়ারম্যান
পাকিস্তানের নির্বাচনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে