মেয়র প্রার্থী হচ্ছেন এমপিকন্যা সূচনা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দলীয় সমর্থন পেলেন এমপি বাহার কন্যা তাহসিন বাহার সূচনা। বৃহস্পতিবার রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সূচনা কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বর্ধিত সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে প্রথমে হাত তোলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা শ্যামল ভট্টাচার্য। তিনি দাঁড়িয়ে প্রার্থী হতে চান। এরপর দাঁড়ান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম। তিনি মনোনয়নপত্র গ্রহণের কথা নিশ্চিত করেন। পরে তিনি বলেন, আমি মনোনয়নপত্র নিলেও হাউস চাইলে আমার ভাতিজি তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেব। তখন নেতাকর্মীরা সূচনার নামে স্লোগান দিতে থাকেন। এ সময় জহিরুল ইসলাম বলেন, আমি আমার ভাতিজিকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহার করে নিলাম। পরে শ্যামল ভট্টাচার্যও তাহসিম বাহার সূচনাকে সমর্থন দিয়ে একত্রে কাজ করার ঘোষণা দেন। সভা শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত