ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম

ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মুন্সীগঞ্জের শ্রীনগরে কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে স্কুলছাত্র নিরব হোসেনকে (১৬) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত নিরব কামারগাও আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও মৃত দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে কে বা কারা স্কুলছাত্র নিরবকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিরবের বাড়ি চাঁদপুর। বাবা মারা যাওয়ার পর তার মা দুই ছেলেকে নিয়ে কামারগাঁও গ্রামের খৈয়ম বেপারীর বাড়িতে থাকেন। দুই ছেলের মধ্যে নিরব বড়।

স্থানীয় গ্রামবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার ৪/৫ জন বখাটে যুবক স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। এ সময় দশম শ্রেণির ছাত্র নিরব উত্যক্তের প্রতিবাদ করলে বখাটে যুবকদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বখাটেরা সেখান থেকে চলে যায়। 

স্থানীয় সূত্র জানায়, ওই ঘটনার জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটেরা স্কুলছাত্র নিরবকে ছুরিকাঘাত করে পালিয়ে য়ায়। এতে স্থানীয়রা নিরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এছাড়া এ ঘটনায় রাতেই মামলা রুজু করা হবে বলেও জানান এ পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত