গত বছরের ৯মে দাঙ্গা সম্পর্কিত মোট ১২টি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)। ইমরানের পাশাপাশি পিটিআই সাবেক জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে।
শনিবার ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানায় পাকিস্তানি বার্তাসংস্থা এআরওয়াই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, মামলাগুলোতে বিরোধী পক্ষ কিছু সময় চাইলে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে ১২টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ১৩টি মামলায় শাহ মেহমুদকে জামিন দেয় ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত।
এর আগে, পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ ৯ মে দাঙ্গা সংক্রান্ত একটি বিস্তৃত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে পিটিআই প্রধান ইমরান খানের গ্রেপ্তারের পরে সামরিক স্থাপনাগুলিতে আক্রমণের ঘটনাগুলি পূর্ব পরিকল্পিত ছিল বলে প্রকাশ করেছে।
যেসব মামলায় জামিন পেয়েছেন ইমরান এবং শাহ মুহম্মদ কুরেশি, সেগুলোর সবগুলোই ৯ মে দাঙ্গায় উসকানি সংক্রান্ত।
গত বছরের ৯ মে ইসলামাবাদ হাই কোর্টে হাজিরা দিতে গিয়ে গত আদালত চত্বরে গ্রেপ্তার হয়েছিলেন ইমারন খান। তার গ্রেপ্তারের প্রতিবাদে অভূতপূর্ব বিক্ষোভে ফেটে পড়ে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা-কর্মী-সমর্থকরা।
সে সময় পাকিস্তানের সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় বিক্ষোভকারীরা।
