খুলনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম

খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সরদার শরিফুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৪০), তার দুই বছর বয়সী মেয়ে অর্নি বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৮) এবং অজ্ঞাত নারী (২৬)। তারা সবাই খুলনা জেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস জানিয়েছে,নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ঘটনাস্থলে, দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিশু অর্নি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ছাড়া গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত