সড়ক দুর্ঘটনা

আগে থেকেই বেপরোয়া গাড়ি চালাত ট্রাক ড্রাইভার 

  • স্থানীয়দের অভিযোগ, চালক সাজু খান উল্টোপাল্টা ও দ্রত গতিতে গাড়ি চালায় সব সময়ই। সে কারণে আগে থেকেই মানুষ বিরক্ত
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৫ জন নিহতের ঘটনায় ট্রাক চালকের বেপরোয়া গাড়ি চালানোকে অনেকটা দুষছে স্থানীয় লোকজন ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, চালক সাজু খান উল্টোপাল্টা ও দ্রত গতিতে গাড়ি চালায় সব সময়ই। সে কারণে আগে থেকেই মানুষ বিরক্ত। বিষয়টি নিয়ে একাধিকবার শালিসও হয়েছে।

জানা গেছে, হরি নদীর তীরে পুষ্পক সরদারের এমএসবি ব্রিকস ইটভাটায় ড্রাম ট্রাক চালক সাজু খান। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রাম।

স্থানীয় মোটরভ্যান চালক শহিদুল ইসলাম মোড়ল জানান, তিনি খর্ণিয়া- কাঁঠালতলা-চুকনগর রুটে মোটরভ্যান চালান। মাঝেমধ্যে কাঁঠালতলা মোড় থেকে মাদারতলা রোডেও গাড়ি চালান।

তার অভিযোগ, সাজু খান প্রতিদিন এই সড়ক ব্যবহার করে ইটভাটায় মাটি ও ইট বহন করে ট্রাকে। তবে সাজু খানের চালানো নিরাপদ না। বেপরোয়া গতিতে গাড়ি চালায় সে। যার কারণে ছোট পরিবহনের চালকরা বিরক্ত। তার ট্রাক দেখলেই ভয়ে আগে নিরাপদে সরে যায় অন্য চালকরা।

কাঠালতলা বাজারের গাড়ি চালক রবিউল ইসলাম ও মুছা শেখ জানান, কিছুদিন আগেও সে একটি ছোট পরিবহনকে ধাক্কা দেয়। উত্তেজিত জনতা তাকে আটক করে, পরে স্থানীয় ভাবে শালিস করে মিমাংসা হয়।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ বলেন, ঘাতক ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত