বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করলেই জোটে রাজি পিপিপি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬ পিএম

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী করলেই জোট সরকার গঠনে রাজি হবে দলটি। পিপিপির কো-চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ দাবি তোলেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ও চেয়েছে দলটি। পিএমএল-এন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে পিপিপির এসব দাবির কথা উল্লেখ করেন দলটির প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী করার বিনিময়ে পাঞ্জাবে পিএমএল-এনকে সমর্থন দেবে পিপিপি।

পিএমএল-এন সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে শুক্রবার রাতে আসিফ আলী জারদারি ও বিলাওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ। এ সময় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পাঞ্জাবেও সরকার গঠন করতে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন তারা।

দলীয় সূত্রগুলো দাবি করছে, নির্বাচনের ফল প্রত্যাশামাফিক না হওয়ায় ধাক্কা খেয়েছে পিএমএল-এন নেতৃত্ব। তাদের মতে, নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ এবং পিএমএল-এনের অন্য নেতারা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। ফলে দলটি জনসভা, ঘরে ঘরে প্রচারণা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে মনোযোগ দেয়নি।

তবে এখন পর্যন্ত পিপিপির সঙ্গে জোট গঠনই প্রথম বিকল্প ছিল পিএমএল-এনের। কিন্তু তারা প্রধানমন্ত্রীর পদ ছাড়তে চায় না। ফলে পিপিপির সঙ্গে আলোচনা ব্যর্থ হলে পিএমএল-এনকে অন্য দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনের চেষ্টা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত