ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে মৃত্যুদণ্ড দেওয়া আট সাবেক ভারতীয় নৌ কর্মকর্তাকে মুক্তি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একটি আদালত।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজন পুরুষ ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন বলে সোমবার দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। খবর বিবিসি।
কাতারের একটি বেসরকারি সংস্থা দাহরা গ্লোবালের হয়ে কাজ করত এই আটজন সাবেক নৌ কর্মকর্তা।
জানুয়ারিতে কাতারের কর্তৃপক্ষ জানিয়েছিল যে, সাবেক এই কর্মকর্তাদের মৃত্যুদণ্ড বিভিন্ন সময়ের কারাদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। যদিও কাতার বা ভারত কেউই এই নৌ কর্মকর্তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছিল তা প্রকাশ করেনি।
তবে ফিনান্সিয়াল টাইমস এবং রয়টার্স জানিয়েছে, তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই নাগরিকদের মুক্তি এবং স্বদেশ প্রত্যাবর্তন করতে দেয়ার জন্য আমরা কাতার রাজ্যের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রশংসা করছি।‘
২০২২ সালের আগস্টে ভারতীয় নৌবাহিনীর এসব কর্মকর্তা ইসরায়েলের কাছে গোপন তথ্য পাচার করেছিলেন অভিযোগে কাতারে গ্রেপ্তার হন। পরের বছর ২০২৩ সালের ২৬ আগস্ট তাদের মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। গ্রেপ্তারের সময় থেকে তারা দীর্ঘ ১৮ মাস কাতারের কারাগারে বন্দি ছিলেন।
ওই সময়ের পর থেকেই ভারত মৃত্যুদণ্ড প্রাপ্ত এসব কর্মকর্তাকে ছাড়িয়ে নিতে কূটনৈতিক তৎপরতা শুরু করে। এরই প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করে তাদের অন্য সাজা দেওয়া হয়।
মৃত্যুদণ্ড ও সবশেষে মুক্তি পাওয়া নৌবাহিনীর সাবেক কর্মকর্তারা হলেন— ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল এবং নাবিক রাগেশ।
উত্তরাখণ্ডে মসজিদ-মাদ্রাসা ধ্বংস, ব্যাপক সংঘর্ষে নিহত ৫