নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন ডা. সাবরিনা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৮ পিএম

নির্বাচন কমিশনের করা প্রতারণা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিন। তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে নির্বাচন কমিশন এই মামলা করেছিল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ জুন দিন ধার্য করেন। 

অভিযোগ গঠনের সময় ডা. সাবরিনাকে দোষী না নির্দোষ কি না- এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমি নির্দোষ। আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।

২০২০ সালের ৩০ আগস্ট সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন গুলশান থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া। গত বছরের ২৪ নভেম্বর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রিপন উদ্দিন আদালতে অভিযোগপত্রটি জমা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত