পটুয়াখালীর কলাপাড়ায় ৪ টন সরকারি পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল (১১ ফেব্রুয়ারি) রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। জব্দকৃত বইয়ের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক রাতের আঁধারে এসব পাঠ্যবই ঝিনাইদহ এলাকায় নিয়ে বিক্রি করতে চেয়েছিল। পরে ট্রাকে করে বইগুলো নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।
বইক্রেতা শওকত আলী জানান, আমি মূলত পুরনো বই-খাতা কেজি হিসেবে ক্রয়-বিক্রয়ের ব্যবসা করি। এখানের প্রধান শিক্ষকের কাছ থেকে বইগুলো কেজি হিসেবে ক্রয় করেছি। তবে এগুলো পাঠ্যবই কি-না সে বিষয়ে আমার কিছুই জানান নেই।
এবিষয়ে বক্তব্য জানতে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বইগুলো জব্দকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ জানান, এবিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামানকে নির্দেশ দেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শুধু ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়েছে। এই বই বিক্রির সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দুঃখই ছিল জন্ম সহোদর, কবরই হলো আপন
দৃষ্টিহীন শওকত স্যার বিলিয়ে চলেছেন শিক্ষার আলো