সরকারই সিন্ডিকেট, সিন্ডিকেটই সরকার: মান্না

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না। কারণ এরাই সিন্ডিকেট। আর সিন্ডিকেটই সরকার।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মৌচাক মোড়ে নাগরিক ঐক্যের উদ্যোগে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। দেশের জনগণকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করেই আমরা ফিরব। ঢাকা মহানগরের সব থানা থেকে শুরু করে সারাদেশে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এই গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাব। পাশাপাশি সরকারের অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কর্মসূচিও থাকবে।

তিনি বলেন, আগামী ১৬ তারিখ গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সরকারের লুটপাট এবং ব্যাংক ধ্বংসের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। ১৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ী, শনির আখড়া, ফার্মগেট, খামারবাড়িতে এবং ২৩ ও ২৪ তারিখে খিলগাঁওতে নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২২ ফেব্রুয়ারি ভাষা দিবসের কর্মসূচি থাকবে। এর মানে বার্তা পরিষ্কার, আমরা তোমাকে মানছি না, রাজপথ ছাড়ছি না। তোমাকে যেতে হবে।

মান্না বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে। বাংলাদেশ ব্যাংক ডলার নাই, ব্যাংকে টাকা নাই। আর সরকারের কাছেও টাকা নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত