রপ্তানি ট্রফি পেল ৭৬ প্রতিষ্ঠান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৪ এএম

২০২১-২২ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই অর্থবছরের জন্য সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে রিফাত গার্মেন্টস। তৈরি পোশাক (ওভেন) খাতের এই প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি দেওয়া হয়েছে।

বিভিন্ন খাতে রপ্তানির আয়ের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে, সে জন্য পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর তালিকায় তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর প্রাধান্য। ২৮টি খাতের মোট ৭৬টি প্রতিষ্ঠান ২০২১-২২ অর্থবছরের জন্য রপ্তানি পুরস্কার পেয়েছে। আগের অর্থবছরে রপ্তানি পুরস্কার পেয়েছিল ৭৩টি প্রতিষ্ঠান।

যেমন তৈরি পোশাক (ওভেন) খাত থেকে পুরস্কার পেয়েছে তিনটি কোম্পানি, তৈরি পোশাক নিটওয়্যার খাত থেকে পুরস্কার পেয়েছে তিনটি কোম্পানি; সব ধরনের সুতা খাত থেকে পেয়েছে তিনটি কোম্পানি; টেক্সটাইল ফেব্রিকস খাত থেকে পেয়েছে তিনটি প্রতিষ্ঠান; হোম ও স্পেশালাইজড খাত থেকে পেয়েছে তিনটি প্রতিষ্ঠান; টেরিটাওয়েল খাত থেকে দুটি প্রতিষ্ঠান; হিমায়িত খাদ্য থেকে তিনটি; কাঁচা পাট থেকে তিনটি; পাটজাত দ্রব্য থেকে দুটি; চামড়াজাত পণ্য থেকে দুটি; ফুটওয়্যার (সব) খাত থেকে তিনটি; কৃষিপণ্য (তামাক ছাড়া) তিনটি; কৃষি প্রক্রিয়াজাতকরণ থেকে তিনটি; হস্তশিল্পজাত পণ্য থেকে তিনটি; মেলামাইন খাত থেকে একটি; প্লাস্টিক পণ্য থেকে তিনটি; সিরামিক সামগ্রী থেকে তিনটি; হালকা প্রকৌশল থেকে তিনটি; ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য থেকে দুটি; অন্যান্য শিল্পজাত পণ্য থেকে তিনটি; ফার্মাসিউটিক্যাল থেকে তিনটি; কম্পিউটার সফটওয়্যার থেকে দুটি; ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক শিল্প (নিট ও ওভেন) থেকে তিনটি; ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন অন্যান্য পণ্য ও সেবা খাত থেকে তিনটি; প্যাকেজিং ও অ্যাকসেসরিজ খাত থেকে তিনটি; অন্যান্য প্রাথমিক পণ্য থেকে তিনটি; অন্যান্য সেবা খাত থেকে দুটি; নারী উদ্যোক্তা বা রপ্তানিকারকদের জন্য সংরক্ষিত খাত থেকে তিনটি প্রতিষ্ঠান এসব পুরস্কার পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত