বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে প্রতিবারই উৎসব পালিত হয় নাটকপাড়ায়। বিশেষ এই দিনকে গুরুত্ব দিয়ে প্রচারে আসে বহু নাটক। এবার টেলিভিশনের চেয়ে সবচেয়ে বেশি নাটক প্রচার হবে ইউটিউবে। এক সপ্তাহ আগে থেকেই প্রযোজনা প্রতিষ্ঠান এবং নির্মাতা-শিল্পীরা কাজগুলো নিয়ে প্রচার চালাচ্ছেন, যা দেখে দর্শকরাও মুখিয়ে রয়েছেন অধীর আগ্রহে।
খোঁজ নিয়ে জানা যায়, ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এ তিন নাটক নিয়ে আসছে সিনেমাওয়ালা। এছাড়া কেএস ফিল্মসের চারটি ও একান্ন মিডিয়ার তিনটি নাটক নিয়ে তিনটি আলাদা উৎসব হচ্ছে। এর বাইরেও আলাদাভাবে প্রচার হবে অসংখ্য নাটক। অন্যান্য ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে সিএমভি, সুলতান এন্টারটেইনমেন্ট, সিডি চয়েস, জি-সিরিজসহ ২০টির মতো চ্যানেল।
ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘চিহ্ন’, ‘বুক পকেটের গল্প’, ‘পরী’, ‘লাভ লাইন’, ‘আলোর জোনাকি’, ‘লাভবাজ, ‘তুমিহীনা, ‘আনারকলি, ‘ভ্লগার মিতু, ‘সেই তুমি’, ‘যাওয়া আসার মাঝে, ‘পারব না ছাড়তে তোকে’, ‘সে আমার আপনজন’, ‘শিউলিফুল’, ‘মন দুয়ারে’, ‘পাষাণ’, ‘বলতে চাই’, ‘একটা ছেলে মনের আঙ্গিনাতে, ‘লাভলেস’, ‘বিশ্বাস’, ‘পরিচয়’, ‘চোখটা আমাকে দাও’, ‘রঙ রাধিয়া’, ‘ফিরব বলে’সহ শতাধিকেরও বেশি নাটক। বেশিরভাগ নাটকে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
জানা গেছে, এসব নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, খায়রুল বাসার, ইয়াশ রোহান, মুশফিক ফারহান, নিলয় আলমগীর, তানজিন তিশা, সাবিলা নূর, সাফা কবির, তাসনিয়া ফারিণ, হিমি, কেয়া পায়েল, সাদিয়া আয়মান, তটিনী, আইশা খান, নাজনীন নিহা প্রমুখ।
তৌসিফ মাহবুব বলেন, ‘ভালোবাসা দিবসের নাটক নিয়ে দর্শকদের অন্য রকম একটা আগ্রহ থাকে। রোমান্টিক গল্পগুলোই দর্শক পছন্দ করেন। তেমন কিছু ভালো গল্প পাবে দর্শক।’
সাদিয়া আয়মান বলেন, ‘ বিশেষ এই দিবস নিয়ে সবসময়ই দর্শকদের একটা আলাদা আগ্রহ থাকে। নতুন গল্পে রোমান্টিক কাজ দেখতে চান। নির্মাতারাও সেসব বিষয় মাথায় রেখে কাজ করেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে আমার কিছু কাজ থাকছে। চেষ্টা করেছি শতভাগ ভালো কিছু করার। বাকিটা দর্শক বলতে পারবে। তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
গেল বছরের তুলনায় এবার নাটকের সংখ্যা বেশি। টেলিভিশন চ্যানেলগুলো গতবারের চেয়ে এবার নাটকের সংখ্যা কমিয়েছে, ইউটিউব চ্যানেলগুলো বাড়িয়েছে। বেশির ভাগ চ্যানেল প্রচার করবে একাধিক নাটক। এনটিভি ও বাংলাভিশনে প্রচার হবে তিনটি করে নাটক। মাছরাঙা টিভিতে প্রচার হবে একটি।
জমজমাট ওটিটি
নাটকের পাশাপাশি ভালোবাসা দিবস উপলক্ষে দেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোও মাতবে ওয়েব ফিল্ম, সিরিজে। অন্যান্য বারের তুলনায় এবার ওটিটিতেও থাকছে একাধিক কনটেন্ট।
চরকি, বিঞ্জ, বঙ্গ প্লাটফর্মগুলোতে মুক্তি পাবে একাধিক কনটেন্ট। এরমধ্যে রয়েছে অরিজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ওয়েব সিরিজ ‘আরারাত’, অরিজিনাল ফিল্ম ‘ইউএনও স্যার’, অ্যান্থোলজি সিনেমা ‘দ্য লাভ স্টোরিজ’ যেখানে থাকছে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’, ‘গাঁইয়া’, ‘এক্সট্রা’ ও ‘দুঃখিত’। যেগুলো পরিচালনা করেছেন শিহাব শাহীন, মিজানুর রহমান আরিয়ান, ভিকি জাহেদ, কাজল আরেফিন অমি, গিয়াস উদ্দিন সেলিম, সৈয়দ শাকিল প্রমুখ। ফিল্ম এবং সিরিজগুলোতে অভিনয় করতে দেখা যাবে পরীমণি, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, পারসা ইভানা, প্রার্থনা ফারদিন দীঘি, জিয়াউল ফারুক অপূর্ব, প্রীতম হাসান, শ্যামল মাওলা, এবিএম সুমন, খায়রুল বাসার, জিয়াউল হক পলাশ প্রমুখকে।
শিহাব শাহীন বলেন, ‘এটা একদম নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়। দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে চাপ তৈরি করে, কীভাবে সম্পর্কের টানাপড়েন তৈরি করে, তা এই সিনেমায় থাকবে। যারা প্রবাসে থাকেন, তারা এটা ভালো ধরতে পারবেন। এটা একটা স্পর্শের গল্প। জীবনে অসংখ্য প্রেমের গল্প বানিয়েছি। কিন্তু এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে।’
টেলিভিশন
ভালোবাসা দিবসের আয়োজনে পিছিয়ে নেই টেলিভিশন চ্যানেলগুলো। এদিন চ্যানেল আইয়ে রাত ৭টা ৪৫ মিনিটে কাজল আরেফীন অমির রচনা ও পরিচালনায় প্রচার হবে বিশেষ নাটক ‘লাভবাজ’। রাত ৯টা ৪৫ মিনিটে রয়েছে আজিজুল হকের চিত্রনাট্য এবং রুবেল আনুশ ও পরিচালনায় বিশেষ নাটক ‘মেঘ মিলন’।
বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে ভ্যালেন্টাইনস ডে’র বিশেষ নাটক ‘হৃদয়ের টান’। মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- জোভান, কেয়া পায়েল।
বিশেষ একক নাটক ‘শিউলি ফুল’ দীপ্ত টিভিতে প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায়। এল আর সোহেলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিন তিশা।
