সানডে ঝড়ে লন্ডভন্ড আবাহনী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ এএম

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উঠল মাত্র চার মিনিটের ঝড়। তাতেই ল-ভ- আকাশি শিবির। ফেডারেশন কাপের গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে চিরবৈরী আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। বহুদিন পর টানা দুই ম্যাচে সাদা-কালোরা হারাল আকাশিদের। এবং দুটি জয়ই এসেছে ফেড কাপের মঞ্চে।

২০১৯ সালের ১৭ জুলাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান ৪-০ গোলে হারিয়েছিল আবাহনীকে। এরপর একবারই আবাহনীকে হারাতে পারে মোহামেডান। সেটা গত বছর ফেডারেশন কাপের ফাইনালে। তবে তা ৪-৪ অমীমাংসিত থাকার পর মোহামেডান জিতেছিল টাইব্রেকারে। সেই হিসাব করলে ১৬৭৩ দিন পর ফের আবাহনীকে নির্ধারিত সময়ে হারানোর স্বাদ পেল মোহামেডান।

সাড়ে আট মাস আগে কুমিল্লায় বাংলা ক্লাসিকো টাইব্রেকারে জিতে ফেড শিরোপা ঘরে তুলতে সবচেয়ে বড় অবদান ছিল মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের। মোহামেডান অধিনায়ক একাই করেছিলেন চার গোল। গতকাল জ্বরের কারণে দর্শক হয়েছিলেন দিয়াবাতে।

বাইরে থেকেই দলকে ৩৮ মিনিটে পিছিয়ে যেতে দেখেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন ব্রান্দাওয়ের অসাধারণ সেট-আপে গোল করেন সেন্ট ভিনসেন্ট স্টুয়ার্ট কর্নেলিয়াস। হাসান মুরাদের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাঁ-দিক থেকে এগিয়ে গিয়ে আড়াআড়ি পাস বাড়ান ওয়াশিংটন। সেটা ধরে মোহামেডান কিপার সাকিব আল হাসানের পাস দিয়ে বল জালে জড়ান কর্নেলিয়াস। এগিয়ে থাকার তৃপ্তি নিয়ে বিরতিতে যাওয়া আবাহনীকে ফিরেই অবশ্য পড়তে হয় ঝড়ের কবলে। ৫১ মিনিটে উজবেক প্লে-মেকার মোজাফফরভের থ্রু ধরে আবাহনীর অরক্ষিত রক্ষণের সুবিধা নিয়ে পাপ্পু হোসেনকে পরাস্ত করেন মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইম্যানুয়েল সানডে। এর চার মিনিট পর সানডেই করেন জয়সূচক গোল। তবে তার আগে হাসান মুরাদের লম্বা থ্রো-ইনে আইভরিয়ান ডিফেন্ডার দোসো সিদির ব্যাক হেড জালে দিকেই যাচ্ছিল। আলতো টোকায় গোলটা নিজের করে নেন সানডে।

এই জয়ে গ্রুপসেরা হওয়ার সুবিধাটা পাচ্ছে তারা। কোয়ার্টার ফাইনালের লাইন-আপ নিশ্চিত হওয়ার ক্ষেত্রে এই জয় এগিয়ে রাখবে মোহামেডানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত