আরাকান বিদ্রোহীদের রুখতে সেতু উড়িয়ে দিল জান্তা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রান্তীয় অঞ্চল জুড়ে আরাকান আর্মি (এএ) অনেকটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাদের তাড়া খেয়ে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে জান্তার অনুগত সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চৌকি কার্যত উচ্ছেদ হয়েছে। এখন সামরিক জান্তা ভয় পাচ্ছে, শেষ পর্যন্ত রাখাইনের রাজধানী সিত্তে দখল করে কি না আরাকান বিদ্রোহীরা। সেই ভয় থেকেই সিত্তে শহরে প্রবেশের দুটি সেতু উড়িয়ে দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা।

সূত্রগুলো জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের রাজধানী সিত্তে শহরে প্রবেশের দুটি গুরুত্বপূর্ণ সেতুকে গত রবিবার উড়িয়ে দেয় জান্তা সেনারা। আরাকান আর্মি এখন রাজধানী দখলের জন্য চূড়ান্ত লড়াই শুরু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অনেকে। সেই শঙ্কা থেকে বোমা মেরে কিয়াকতাউয়ের কিসাপানাদি সেতু উড়িয়ে দিয়েছে জান্তা বাহিনী। সেতু দুটি কালাদান নদীর ওপর নির্মিত ছিল। কিসাপানাদি সেতুর মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইয়াঙ্গুনের সঙ্গে সিত্তের যোগাযোগ ছিল। ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে চাউং সেতু, যা সিত্তে শহরের আরেক প্রবেশপথ।

আরাকান আর্মি জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী মংডু অঞ্চলে আরাকান বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে জান্তার বাহিনীর সাত সেনা। গত রবিবার সকালের দিকে হয় এ সংঘর্ষ। স্থল সেনাদের পরাজয়ের পর জান্তা বাহিনী আকাশ ও নৌপথে হামলা চালিয়ে দৃঢ়তা দেখাতে চাইলেও পেরে উঠছে না। জান্তার নেভাল বোটগুলোও বিদ্রোহীদের হামলায় টিকতে পারেনি। মিনবিয়ার দখল হারানোর পর নদীতে নৌসেনা মোতায়েন করেছে সামরিক বাহিনী। কিন্তু তারাও বিদ্রোহীদের আক্রমণের মুখে সুবিধা করে উঠতে পারছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত