মাদারীপুরের রাজৈর উপজেলার ৪২ নম্বর খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে এক নারী সহকর্মীকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম চন্দ্র দাসের বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক গৌতম চন্দ্র দাসকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জানা গেছে, গত সোমবার সকাল ১০টার দিকে স্কুলে আসেন সহকারী শিক্ষক গৌতম চন্দ্র দাস। স্কুলে এসেই তিনি বাসায় চলে যান। পরে ১১টার দিকে আবার স্কুলে আসেন। এ সময় ক্লাস না নিয়ে বাসায় চলে যাওয়ার কারণ জানতে চান তার সহকর্মী ফুলমালা হীরা। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে গৌতম চন্দ্র দাস চেয়ার দিয়ে পিটিয়ে ফুলমালা হীরাকে আহত করেন। পরে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
প্রধান শিক্ষক বিনয় বাড়ৈ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপা বিশ্বাস বলেন, শিক্ষিকা ফুলমালা হীরাকে মারধরের ঘটনা শুনি। ঘটনার সত্যতা পেয়ে আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলি। পরে অভিযুক্ত শিক্ষক গৌতম চন্দ্র দাসকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
