শহীদ মিনার ভাঙল দুর্বৃত্তরা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী আদর্শ কলেজের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, কলেজের জায়গায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র কলেজ কর্র্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। কলেজের নৈশপ্রহরী আব্দুর রউফ জানান, অন্যান্য রাতের মতো সোমবার রাতে পাহারায় ছিলেন তিনি। রাত ১টার দিকে বাইরে শব্দ শুনতে পেয়ে তিনি বের হয়ে আসেন। এ সময় শহীদ মিনারের কাছে আবুল মৃধা, মিজানুর মৃধাসহ সাত থেকে আটজনকে দেখতে পান। তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেন তারা। তিনি ভয় পেয়ে কলেজের ভেতরে চলে যান। কিছু সময় পর বের হয়ে এসে দেখেন কলেজের পুরনো শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া নতুন নির্মাণাধীন শহীদ মিনারের কিছু অংশও ভাঙচুর করা হয়েছে।

বাবুখালী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ সরকার বলেন, ‘ঘটনার পর রাতে নৈশপ্রহরী আমাকে ফোন দিয়েছিলেন, কিন্তু আমি ফোন ধরতে পারিনি। সকালে কলেজে এসে দেখতে পাই শহীদ মিনার ভাঙা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। নৈশপ্রহরী ওই রাতে শহীদ মিনারের কাছে ওই গ্রামের আবুল মৃধা, মিজানুর মৃধাসহ সাত থেকে আটজনকে দেখতে পেয়েছেন বলে আমাদের জানিয়েছেন। শহীদ মিনার ভাঙা দেখে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি।’

মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা কলেজের পুরনো শহীদ মিনার ও বর্তমান নির্মাণাধীন নতুন শহীদ মিনারের কিছু অংশে ভাঙচুর করেছে। কলেজের জায়গা লিজ নিয়ে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে কলেজ কর্র্তৃপক্ষের সঙ্গে মিজানুর মৃধার ঝামেলা চলছে। জড়িতদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত