৩৭ হাজার কিলোমিটার পথ ঘুরে বাড়ি ফিরেছেন লিওনেল মেসি। বাড়ি বলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে। ঘুরে এসেছেন এল সালভাদর, সৌদি আরব, হংকং ও জাপান থেকে। ক্লান্ত হলেও বিশ্রামের জো নেই। প্রাক-মৌসুমের আরও একটি ম্যাচ যে রয়ে গেছে। বিশেষ একটি ম্যাচ। লিওনেল মেসি খেলতে নামবেন তারই ছোট্ট বেলার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে। ওইখানেও যে একটি বাড়ি রয়েছে মেসির, রোজারিওতে। যেখানে জন্ম ফুটবলের এ জাদুকরের।
বৃহস্পতিবার মায়ামির মেসি মাঠে নামবেন প্রথম ক্লাব নিওয়েলসের বিপক্ষে। ডিভির পিএনকে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। সে উপলক্ষ্যে একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে ইন্টার মায়ামি। যেখানে দেখা যাচ্ছে। ‘হেরনস’ জার্সি পরা মেসি হাত আছেন রোজারিওর এক ছোট শিশুর। যার পরনে লাল-কালো নিওয়েলস ওল্ড বয়েজের জার্সি আর বাম পায়ে ফুটবলে ইতিহাস বদলে দেওয়ার স্বপ্ন। ছবিটির নামও দেওয়া হয়েছে ‘একটি স্বপ্নালু রাত’।
শুধু মেসির জন্যই এ রাতটি আবেগীয় হতে যাচ্ছে না। এ তালিকায় আরও বড় একটি নাম হেরনস কোচ জেরার্দো মার্তিনো। নিওয়েলস জার্সিতে মাঠে ও মাঠের বাইরে থেকে চারবার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। মার্তিনো বলেছেন, ‘আমার ভালোবাসার নিওয়েলসকে আমাদের এখানকার ঘরে আমন্ত্রণ জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমার ও নিওয়েলসের জন্য এটি অবশ্যই একটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে।
এভার বানেগার নেতৃত্বে রোজারিওর দলটি এরই মধ্যে ফ্লোরিডায় এসে পৌঁছেছে।
