দ্বিতীয়বারের মতো পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে পারেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পিএমএল-এন ও পিপিপি ইতোমধ্যে জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে। সেই ঐকমত্যের অংশ হিসেবেই আসিফ আলি জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট মনোনীত হতে পারেন। এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি।
অবশ্য নতুন এই জোট সরকারে পিপিপি-পিএমএল-এন ছাড়াও আছে আরও চারটি রাজনৈতিক দল। এগুলো হলো এমকিউএমপি, পিএমএল-কিউ, আইপিপি এবং বিএপি। এদিন পিএমএল-কিউ’র চেয়ারম্যান চৌধুরী সুজাত হাসানের বাসভবনে ছয় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠক করেন।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) সর্বশেষ সরকারের আদলে কেন্দ্রে সরকার গঠনের ঘোষণা দেন তারা।
ছয় দলের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের আগে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, তার দল কেন্দ্রীয় সরকারের অংশ হতে চায় না। তারা প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পিএমএল-এনকে সমর্থন করবে। একইসঙ্গে তার পিডিএমের মতো সরকারের অংশ হবে না বলেও জানান।
তবে বিলাওয়াল বলেন, তিনি আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট করতে চান। কারণ পাকিস্তান জ্বলছে। যদি কেউ আগুন নেভাতে সাহায্য করতে পারেন, তিনি হলেন আসিফ আলী জারদারি।
তবে সূত্রের খবর, প্রেসিডেন্ট পদ ছাড়াও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী পদের দিকে নজর রাখছে পিপিপি। প্রধানমন্ত্রী পদে পিএমএল-এনের শাহবাজকে সমর্থনের বিনিময়ে প্রেসিডেন্ট পদে আসিফ আলী জারদারিকে সমর্থন করতে সম্মত হয়েছে দলটি। পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতা রানা সানাউল্লাহ বলেছেন, পিপিপি সাংবিধানিক পদের জন্য কোনো দাবি করেনি।
গত ৮ ফেব্রুয়ারি ১৬তম জাতীয় পরিষদ নির্বাচন হয় পাকিস্তানে। দেশটির জাতীয় পরিষদে মোট আসনসংখ্যা ২৬৬টি। এর মধ্যে ২৬৫টি আসনে নির্বাচন হয়েছে। পাকিস্তানে কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে জাতীয় পরিষদের অন্তত ১৩৪টি আসনে সেই দল বা জোটকে জয়ী হতে হবে। কিন্তু ৮ তারিখের ভোটের ফল প্রকাশের পর দেখা যায়, কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এই পরিস্থিতিতে কোন দল সরকার গঠন করছে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী কে হবেন— তা নিয়ে অনিশ্চয়তা ছিল। নির্বাচনের পাঁচ দিন পর সেই অনিশ্চয়তা কাটছে বলে ধারণা করা হচ্ছে।
কারাবন্দি ইমরান বললেন এমডব্লিউএমের সঙ্গে হাত মেলাতে
নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না প্রেসিডেন্ট আলভি!
প্রধানমন্ত্রিত্বের দাবি ছাড়লেন বিলাওয়াল, অংশ নেবেন না মন্ত্রিসভায়
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজ কন্যা মরিয়ম