ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল প্যারিসের টিকিট পাওয়ার পর থেকে মেসির অলিম্পিক ফুটবল ইভেন্টে খেলার বিষয়ে নতুন করে হাওয়া লেগেছে। এবার অলিম্পিকে খেলার বিষয়ে ইচ্ছে প্রকাশ করলেন, বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
অলিম্পিকের নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-২৩ দল খেলবে পুরুষ ফুটবল ইভেন্টে। তবে দলগুলো চাইলে ২৩ এর বেশি বয়েসি ৩ জন তারকাদের অন্তর্ভূক্ত করতে পারে। মেসি ও ডি মারিয়া অলিম্পিকে নিজেদের অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তাদের জন্য আগ্রহী অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশচেরানো।
এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত সব সেভ এ ভর করে আর্জেন্টিনা জয় করেছিল ২০২২ বিশ্বকাপের ট্রফি। নিজ দেশের ডিরেকটিভি কে এমিলিয়ানো জানান, ‘জাতীয় দলের হয়ে আমার যদি কিছু জেতার বাকি থাকে, সেটা অলিম্পিক গেমস জয় করা।’
এমি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের কোপা আমেরিকা, ফিনালিস্সিমা ও বিশ্বকাপ জিতেছেন। তার মতে আর্জেন্টিনা যদি ২০২৪ সালে কোপা জিততে পারে তবে তরুণদের জন্যই অলিম্পিক ছেড়ে দেওয়া উচিত। ‘তরুণদের সবসময়ই সুযোগ দেওয়া দরকার। আর যদি আমরা কোপা আমেরিকায় ভালো করতে পারি এবং জয় করি, আমাদের তরুণদের জন্য জায়গাটা ছেড়ে দেওয়া দরকার।’
