রাতভর মাইকে ওয়াজ-ডিজে পার্টি না করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম

এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে রাতভর মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ডিজে পার্টি না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অনুরোধ করেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, অনেক সময় দেখা যায় উচ্চশব্দে মাইক বাজিয়ে শুধু গানের অনুষ্ঠানই নয়, ধর্মীয় অনুষ্ঠানও করা হচ্ছে। অনেক সময় সারারাত মাইক বাজিয়ে অনুষ্ঠান হয়। এসএসসি পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠান অমানবিক। অন্য যে কোনো সময়ও সারারাত মাইক বাজানো উচিত নয়। রাতভর মাইক বাজানো রোগী ও পরীক্ষার্থী সবার জন্যই খুব অসুবিধার।

তিনি বলেন, আলেম-ওলামা এবং অন্য সব ধর্মের নেতাদের প্রতি বিশেষ অনুরোধ এ সংস্কৃতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান জীবনের অংশ। কিন্তু পরীক্ষার সময় একটি নির্দিষ্ট সময়ের পরে যেন তা না করা হয়, সেদিকেও নজর রাখতে হবে।

পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায়। তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি করে। আবার আরেকটি গোষ্ঠী প্রতারণার জন্য এসব করে থাকে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অভিভাবকরা যেন নৈতিক অবস্থানে কোনো আপস না করেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় একই রকম কাজ করা হয়। মেডিকেল পরীক্ষায় সহযোগিতার জন্য আমাকেও মেসেজ পাঠানো হয়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত