৮ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পাকিস্তানজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগামী শনিবার বিকালে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কর্মসূচির কথা জানান গহর। একইসঙ্গে ভোট জালিয়াতির অভিযোগে বিক্ষোভ পালন করে আসা জামায়াত-ই-ইসলামি, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলসহ (জেইউআই-এফ) অন্য দলগুলোকেও পাশে চেয়েছেন তিনি।
গহর বলেন, বিক্ষোভ কর্মসূচি পালনে আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে তাদের যারা বিশ্বাস করেন ম্যান্ডেট পরিবর্তন এবং কারচুপি হয়েছে।
পিটিআই চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ম্যান্ডেট চুরি হতে দেব না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট সরকার গঠনের আলোচনার তথ্য অস্বীকার করেন পিটিআই চেয়ারম্যান।
এর আগে রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সরকার গঠনের বিষয়ে বিলাওয়াল জারদারি ভুট্টোর দলের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন। তবে সুর পরিবর্তনের এই খবর নাকচ করে দিয়েছেন গহর।
