স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বড় ধরনের দুর্নীতি খুবই খারাপ। এই দুর্নীতির জন্য আমি নিজেও অনেক কাজ করতে পারি না। এসব দুর্নীতি কমানোর লক্ষ্যে বর্তমানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনপ্রতিনিধিদের অনিয়মের অভিযোগ অনেকটাই কমে এসেছে। দুর্নীতি বন্ধে আমাদের সবাইকে শপথ গ্রহণ করতে হবে।’
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর এফডিসিতে ‘স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব’ শীর্ষক ছায়া সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এই প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
ছায়া সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দলকে পরাজিত করে এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিযোগী দল।
