‘শেষ শুক্রবার’ জমজমাট বাণিজ্য মেলা 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। প্রতিবছর ১ জানুয়ারি বাণিজ্য মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে তা দেরিতে শুরু হয়। এদিকে শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই বাণিজ্য মেলায় বাড়ছে দর্শনার্থীদের ভিড়। মাসব্যাপী এই মেলার এটি শেষ শুক্রবার হওয়ায় ভিড়টা একটু বেশি বলে জানালেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সাপ্তাহিক ছুটি হওয়ায় বেচাকেনায় মেলা বেশ জমজমাট। এখানে প্রবেশের পর বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। কেউ কেউ সময় কাজে লাগিয়ে আগেভাগেই প্রয়োজনীয় কেনাকাটায় ভিড় করছেন স্টল ও প্যাভিলিয়নে।

ব্যবসায়ীরা বলছেন, আজ শেষ শুক্রবার হওয়ায় সকাল থেকেই ক্রেতা উপস্থিতি বাড়ছে। সময় শেষ দিকে হওয়ায় ডিসকাউন্ট অফারও মিলছে অনেক পণ্যে। শেষ সময়ের মূল্যছাড়ের অপেক্ষায় থাকা ক্রেতারাই শেষ দিকে বেশি আসছেন। তবে বেচাকেনা কম।

সরেজমিনে শুক্রবার বিকেলে পর থেকে দেখা যায়, প্রায় প্রতিটি স্টলে ছিল ক্রেতার ভিড়। শুরুর কয়েক দিনের বেচাকেনার হতাশা কাটিয়ে মৃদু হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।

পাটজাত পণ্যের প্রতিষ্ঠান ইজমা ব্যান্ডের স্বত্বাধিকারী সালমান জানান, মেলা শুরু থেকে এ পাঁচ দিন দর্শনার্থী না থাকলেও আজ প্রচুর মানুষ মেলায় এসেছে। ক্রেতাদের সঙ্গে বিকেল থেকেই ব্যস্ত সময় অতিবাহিত করছি।

তিনি জানান, পরিবেশ রক্ষায় পাটের পণ্য অগ্রণী ভূমিকা পালন করে। মানুষ অনেক সচেতন তাই প্লাস্টিকের ব্যবহার ছেড়ে পাটের পণ্য দেখছেন ও কিনেও নিয়ে যাচ্ছে।

গত কয়েক দিন শীতের কারণে মেলায় ব্লেজারসহ অন্যান্য গরমের পোশাকের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। আপন ফ্যাশন'র বিক্রেতা শরীফ জানান, আমাদের স্টলে দুই হাজার থেকে ছয় হাজার মূল্যের ব্লেজার রয়েছে৷ মেলা উপলক্ষে আমাদের ৩০% ডিসকাউন্ট চলছে।

প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়ে যায় মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করে। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত