গাজার দক্ষিণ শহর রাফাহতে ইসরায়েলের আক্রমণের বিধ্বংসী পরিকল্পনার মধ্যেই ইসরায়েলে আরও অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতির চাপ অব্যাহত রাখার মাঝেই এই অস্ত্র সহায়তা সরবরাহের খবর এলো। খবর আল জাজিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয় যে, প্রস্তাবিত অস্ত্র সরবরাহের মধ্যে রয়েছে প্রায় এক হাজার এমকে-৮২, পাঁচশ পাউন্ড (২২৭ কেজি) বোমা এবং কেএমইউ-৫৭২ জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন।
এছাড়া যুক্তরাষ্ট্র আরও বোম নিষ্ক্রিয় অস্ত্র পাঠানোর কথা বিবেচনা করছে, যার মোট চালানের মূল্য কয়েক মিলিয়ন ডলার অনুমান করা হয়েছে। এসব ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা থেকে প্রদান করা হবে।
প্রতিবেদনে জেরুজালেমে মার্কিন দূতাবাস দ্বারা প্রস্তাবিত অস্ত্র হস্তান্তরের একটি মূল্যায়ন উদ্ধৃত করে বলা হয়েছে যে ইসরায়েলি সরকার উদীয়মান আঞ্চলিক হুমকির বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য এই অস্ত্রগুলো দ্রুত পাঠানোর অনুরোধ করেছে।
আল জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এ পর্যন্ত দুবার কংগ্রেসকে পাস কাটিয়ে ইসরায়েলে জরুরীভাবে বোম এবং অন্যান্য যুদ্ধাস্ত্র পাঠিয়েছে।
এদিকে ইসরায়েল জানিয়েছে যে তারা শীঘ্রই মিশরের সীমান্তবর্তী গাজা উপত্যকার দক্ষিণ শহর রাফাহতে স্থল আক্রমণ শুরু করবে। এই শহরে ইসরায়েলি হামলায় গাজার ২৩ লাখ জনসংখ্যার আনুমানিক ১৪ লাখ বাস্তুচ্যুত আশ্রয় নিয়েছে।
ইতিমধ্যে পশ্চিমা নেতারাও এই স্থল আক্রমণের পরিকল্পনার বিরোধিতা করেছেন। আর এরই মধ্যে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
গ্যাস পাইপলাইনে হামলায় দায়ী ইসরায়েল