২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তা আরও তিন দিন বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এই দাবিতে মেলার মূল ফটকের সামনে মেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ী ও গেট ইজারাদাররা।
মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এবারের মেলা শুরু হওয়ায় লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের। মেলা চলাকালীন বিশ্ব ইজতেমা, ঢাকা ম্যারাথন ও এসএসসি পরীক্ষার কারণে কাঙ্ক্ষিত ক্রেতা সমাগম ঘটেনি।
তারা বলেন, দুই দফায় বিশ্ব ইজতেমার কারণে মেলায় আসতে গিয়ে যানজটের সম্মুখীন হতে হয়েছে দর্শনার্থীদের। অনেকে মাঝরাস্তা থেকে ফিরে গেছেন। তাছাড়া উদ্বোধনের দিন থেকে অতিমাত্রায় শৈত্য প্রবাহের কারণে মেলার নির্মাণ কাজ শেষ করতেও দেরি হয়।
মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব, ইপিবির ভিসি ও সচিবের কাছে আরও তিন দিন বিনা ভাড়ায় মেলার সময় বাড়ানোর দাবি জানান।
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। আর ছুটির দিন চলবে রাত ১০টা পর্যন্ত।
ইসরায়েলে আরও অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র