নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৫ বছর ধরে পুকুরে অবরুদ্ধ এক কুমির উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরহাজারী গ্রামের কুমির আলা বাড়ির পুকুর থেকে বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের একটি দল কুমিরটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩৫ বছর উপজেলার চরহাজারী গ্রামের কুমির আলা বাড়ির পুকুরে অবৈধভাবে অবরুদ্ধ ছিল লোনা পানির এ কুমির। বাড়ির পুকুরে কুমির থাকার বিষয়টি এলাকাবাসী জানতেন। ফলে স্থানীয়দের কাছে বাড়িটি পরিচিতি লাভ করে কুমির আলা বাড়ি হিসেবে। শনিবার দুপুর ২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায় বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিট। সেখানে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে নোয়াখালী উপকূলীয় বন কর্মকর্তার কার্যালয় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের মধ্যে জনশ্রুতি রয়েছে অনেক মানুষ উদ্দেশ্য পূরণে মানত করে এ কুমিরকে খাবার দিত।
বন্যপ্রাণী ওজীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমরা অবগত হই। উদ্ধারকৃত কুমিরটি পঞ্চাশ বছর বয়সী। এর ওজন প্রায় ১০০ কেজি। এখান থেকে কুমিরটি চট্টগ্রামের সাফারি পার্কে নিয়ে চিকিৎসা শেষে অবমুক্ত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর উপকূলীয় বনকর্মকর্তা আবু ইউসুফ, বন্যপ্রণী পরিদর্শক নার্গিস সুলতানা প্রমুখ।
ইলিয়াসকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ, শহরে ‘ওয়ান্টেড’ পোস্টার
রিদম গ্রুপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গোল্ড এয়ার 