নাট্যাচার্য ‘সেলিম আল দীন বৃত্তি’ প্রদান করল সেলিম আল দীন কেন্দ্র 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৫ পিএম

বরেণ্য লেখক, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত নাট্যকার নাট্যাচার্য ড. সেলিম আল দীনের নামানুসারে প্রথমবারের মতো বৃত্তি প্রদান করেছে সেলিম আল দীন কেন্দ্র। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় কেন্দ্রের নিজস্ব অর্থায়নে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সেনেরখিলের স্কুল আঙিনায় ‘সেলিম আল দীন মা ফিরোজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র পাঁচ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামানের সভাপতিত্বে ও সেলিম আল দীন কেন্দ্রের সাধারণ সম্পাদক কুদরাত-খুদা (পিকাসো)র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল, ফেনী) তাসলিম হুসাইন, সেলিম আল দীন কেন্দ্রের সহসভাপতি কবি ও গবেষক শাবিহ মাহমুদ, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রার্থনা মজুমদার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলা নাটকের এক ব্যতিক্রমী উজ্জ্বল মুখ সেলিম আল দীন। তিনিই প্রথম ঔপনিবেশিক শিক্ষার বাইরে বাঙালির নিজস্ব লোকায়ত হাজার বছরের নাট্যরীতির আবিষ্কার করে কিংবদন্তি পুরুষে পরিণত হয়েছেন। তিনি তার নাটকে শ্রমজীবী-সংগ্রামী সাধারণ মানুষের কথা বার বার উচ্চারণ করেছেন। তার মতো করে আমাদেরও বড় কিছু করার স্বপ্ন দেখতে হবে। আজকের নতুন প্রজন্মকে এই গুণীজনের সাথে পরিচয় করিয়ে দেয়া আমাদের দায়িত্ব। 

উল্লেখ্য, ড. সেলিম আল দীন জন্মেছেন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে। তিনি ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগের বাঙলা নাট্য’র ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক সম্মান ও স্নাতকোত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা অধ্যাপক সেলিম আল দীনের হাত ধরেই। তার রচিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকার মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের কাছে তাকে সমাহিত করা হয়। নাট্যকারের স্মৃতিতে ২০১০ সালে প্রতিষ্ঠিত সেলিম আল দীন কেন্দ্র কাজ করে যাচ্ছে। নাট্যাচর্যের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ এ কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত