সন্ত্রাসবিরোধী অভিযান, এক সৈন্যসহ নিহত ৯ জঙ্গি

  • আইএসপিআর জানায়, অভিযানে রেহমতুল্লাহ ওরফে বদর মনসুর নামের একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি নিহত হয়েছেন
  • নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর আলাদা দুটি সন্ত্রাসবিরোধী অভিযানে এক সেনা সদস্যসহ নয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকাভুক্ত ছিল।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি প্রভাবশালী সংবাদমাধ্যম দ্যা ডন।

পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গত শুক্র ও শনিবার দুটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানটি জেলায় পরিচালনা করা হয়, যেখানে রেহমতুল্লাহ ওরফে বদর মনসুর নামের একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি এবং আরেক জঙ্গি, আমজাদ ওরফে বাবরি নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, দ্বিতীয় অভিযানটি দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পরিচালিত হয়েছিল, যেখানে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। সেখানে গোলাগুলির সময় সাত জঙ্গি নিহত হয়েছে। এ সময় ২৯ বছর বয়সী একজন সেনা সদস্যও নিহত হন।

আইএসপিআর জানিয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। নিহত এসব জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর হামলাসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং বেসামরিকদের হত্যার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। তাই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

সেনাসদস্যের নিহতের বিষয়ে বিবৃতিতে আইএসপিআর জানায়, ‘পাকিস্তানের সামরিক বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসী সৈন্যদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত