মিলানকে হারিয়ে বার্লুসকোনিকে জয় উৎসর্গ মনজার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮ এএম

সিলিভিও বার্লুসকোনি অনন্তলোকে পাড়ি জমিয়েছেন মাস আটেক আগে। তবে ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী যেন কাল রাতে ছিলেন ফ্র‍্যাঙ্কো টগিনির ব্রিয়েন্তেও স্টেডিয়ামে। সেখানে যে সিরি আ'র ম্যাচে মনজার মুখোমুখি হয়েছিল এসি মিলান। দুটি ক্লাবই প্রতিষ্ঠিত হয়েছিল বার্লুসকোনির হাত ধরে। 

একটা সময় মিলান বিক্রি করে দিয়েছিলেন ফুটবলে ত্যক্ত হয়ে। তবে দূরে থাকতে পারেননি। পরে তাই প্রতিষ্ঠা করেন মনজা। সেই মনজা কাল মিলানকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে। 

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মনজা। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মনজার মিডফিল্ডার মাত্তেও পেসিনা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির পর্তুগিজ ফরোয়ার্ড ডেনি মোটা।

এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল তারা। তবে ৬৪ মিনিটে অলিভার জিরো ও ৬৮ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিক গোল করে সমতায় ফেরান মিলানকে। যদিও ৮৮ মিনিটে ওয়ারেন বোন্দো গোল দিয়ে ব্যবধান বাড়ান মনজার। ৯০ মিনিটে লরেনজো কলম্বো ব্যবধান ফের দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মনজা।

মিলানকে হারিয়ে জয়টা একসময় দুই ক্লাবের মালিক বার্লুসকোনিকে উৎসর্গ করেছেন মনজা কোচ রাফায়েল পালাদিনো।

ম্যাচ শেষে তিনি বলেছেন, 'এটি একটি আবেগময় রাত ছিল। খুব শক্তিশালী একটি দলের বিপক্ষে ম্যাচের আগে ছেলেদের নিজেদের ওপর আস্থা রাখতে দেখে দারুণ লাগছে, যারা দ্বিতীয় স্থান দখল করতে পারত।'

তিনি যোগ করে বলেছেন, 'খেলোয়াড়রা ট্যাকটিক্যালি, শারীরিক, টেকনিক্যালি সব দিক দিয়েই অসাধারণ ছিল, বুদ্ধিমত্তা ও ধৈর্য দেখিয়েছে।'

তারপরই জয়টা বার্লুসকোনিকে উৎসর্গ করে তিনি বলেন, 'আমি এই জয় আমাদের মহান প্রেসিডেন্ট বার্লুসকোনিকে উৎসর্গ করছি, যিনি তার সাবেক ক্লাবের বিপক্ষে তার দলকে এভাবে লড়াই করতে দেখলে খুবই গর্বিত হতেন।'

মিলানে বার্লুসকোনির সঙ্গে ছিলেন মনজা প্রধান আদ্রিয়ানো গালিয়ানি। তাকে নিয়ে বলেন, 'গ্যালিয়ানি খুব খুশি এবং আবেগপ্রবণ ছিল, আমরা লকার রুমে একটি বড় উদযাপন করেছি এবং ভিজে গিয়েছিলাম।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত