হাওয়েলের ব্যাটে লড়াকু পুঁজি সিলেটের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম

বিপিএলের চলমান আসরের ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করতে নেমে প্লে-অফের দৌড়ে থাকা কুমিল্লাকে ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শেষ চারের আগেই এবার বাদ পড়ে যাওয়া সিলেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ২ ম্যাচের জন্য বিপিএলে যোগ দেওয়া কেনার লুইসের ব্যাটে ভর করে দল শুরুটাও পেয়েছিল ভালো। তবে ২টি করে চার-ছক্কায় ২৫ বলে ৩৩ রান করে লুইস বিদায় নিলেই বিপর্যয়ের শুরু।

জাকির হাসান ১৭ বলে ১৮ ও নাজমুল হোসেন শান্ত ১৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরলে চাপ বাড়ে সিলেটের। ইয়াসির আলীও (৫ বলে ২ রান) সুবিধা করতে পারেননি।তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন বেনি হাওয়েল ও মোহাম্মদ মিঠুন। ২০ বলে ২৮ রান করে অধিনায়ক মিঠুন বিদায় নিলেও হাওয়েল তুলে নেন অর্ধশতক। তার ব্যাটে ভর করেই মূলত জয়ের লড়াই করার মতো পুঁজি পায় সিলেট।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় পুঁজি পায় সিলেট। হাওয়েল ৩১ বলে ২০০ স্ট্রাইক রেটে ৬২ রান করে থেকে যান অপরাজিত, হাঁকান ৬টি চার ও ৪টি ছক্কা। কুমিল্লার পক্ষে সুনিল নারাইন ও রিশাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত