সীমান্তে বন্যহাতির অনুপ্রবেশ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে দুটি বন্যহাতি অনুপ্রবেশ করেছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভারত সীমান্তসংলগ্ন দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামে এলাকার লোকজন হাতি দুটিকে দেখতে পায়। এলাকাবাসীর ধারণা, খাদ্যের জন্য গভীর রাতে মহানন্দা নদী পার হয়ে ওই এলাকায় চলে আসে হাতি দুটি। তবে হাতি দুটি এখনো কোনো ক্ষয়ক্ষতি বা কোনো তাণ্ডব চালায়নি। সীমান্তের ভুট্টাক্ষেতের পাশে অবস্থান করছে। এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার কার্যক্রম চলমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।

বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ বলেন, সম্ভবত খাদ্যের সন্ধানে সীমান্ত পেরিয়ে এসেছে। এদের উত্তেজিত না করলে কাউকে আক্রমণ করবে না। দূরত্ব বজায় রাখতে হবে। দুটির মধ্যে একটি মা অন্যটি হাতির বাচ্চা হতে পারে।

উল্লেখ্য, ২০১২ সালের ৬ জানুয়ারি সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় বন্যহাতির আক্রমণে অষ্টম শ্রেণির ছাত্রী রুমা (১৪) মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত