ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন শুধু অফিসিয়ালি বিষয়গুলো বাকি। অফিসিয়ালি কাগজ পেলে দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে এ সব তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ এবং চিনি আমদানির জন্য যে প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি, নীতিগতভাবে ভারত সরকার সে বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমরা অফিসিয়ালি কাগজ পেলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে পেঁয়াজ আনতে পদক্ষেপ নেবো।
গত ২৪ জানুয়ারি ভারতে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে ফোনে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সমসয় তিনি ১ লাখ টন চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ সরবরাহের পদক্ষেপ নিতে অনুরোধ জানান।
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশসহ পাঁচ দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে ওই দেশের মন্ত্রীদের কমিটি। তবে কি পরিমাণ পেঁয়াজ রপ্তানি করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত