বাংলাদেশের ফুটবল অনুরাগীরা একটা বছর আগেও মেজর লিগ সকারের খোঁজ রাখতেন না। এখন ঠিকই রাখেন। ফুটবল জাদুকর লিওনেল মেসির খেলা দেখতে হলে যুক্তরাষ্ট্রের এই পরিসরে ক্ষুদ্র লিগটার দিকেই যে চেয়ে থাকতে হয়। ইন্টার মায়ামির হয়ে এ লিগেই মাঠ মাতান মেসি। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোর থেকে মাঠে গড়াবে সেই এমএলএসের নতুন মৌসুম।
এ বছরের জুনেই যুক্তরাষ্ট্রে বসবে কোপার আসর। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন মেসি। অলিম্পিক নিশ্চিত করায় জুলাইতে সেই দলেও মেসিকে দেখতে চান আলবিসেলিস্তে সমর্থকেরা। যুব দলটির কোচ ও মেসির বন্ধু হাভিয়ের মাসচেরানো তার জন্য ওই দলে দরজা খোলা রেখে দিয়েছেন। মেসি তাই মধুর সমস্যায় পড়ে গেছেন। কোপা ও অলিম্পিক দুটোতেই আর্জেন্টিনাকে সার্ভিস দিতে চাইবেন মেসি। সমস্যা হলো দুই প্রতিযোগিতার মাঝে সময় মাত্র ১০ দিন।
মেসির ক্লাব সতীর্থ ডিয়েগো গোমেজ। কিছুদিন হলো প্যারাগুয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে ২০ বছরের এ মিডফিল্ডারের। খেলেছেন অলিম্পিক বাছাইয়ের ম্যাচগুলো। মেসি অনিশ্চিত হলেও গোমেজের কোপা ও অলিম্পিক খেলা প্রায় নিশ্চিত।
আমরা জানি যে আগামী মার্চ থেকে জুনের ওই সময়ে মেসির বিকল্প কাউকে দলে নিতে হবে। আমাদের চুক্তিতে কাউকে ধরে রাখার স্বাধীনতা নেই। তাই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলে এরকম কাউকে দলে নিতে হবে। যখন সে খেলবে না, তখন বিকল্প কাউকে খুঁজে পাওয়াও সহজ নয়
জেরার্দো টাটা মার্তিনো
এ সব কিছু নিয়ে মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো মুখ খুলেছেন। তিনি জানেন মৌসুমের মাঝে দলের প্রাণভোমরাকে পাবেন না তিনি। সেই তালিকায় গোমেজের যোগ হওয়াটা খানিক দুশ্চিন্তার বিষয়ই বটে। মার্তিনো নিজেও প্যারাগুয়ের কোচ ছিলেন ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত। তিনি জানেন ওই সময় মেসি এমনকি গোমেজকেও দীর্ঘদিনের জন্য পাবে না ইন্টার মায়ামি। তাই বিকল্পও ভেবে রেখেছেন মার্তিনো। বলেন, ‘আমরা জানি যে আগামী মার্চ-জুন ওই সময়ে মেসির বিকল্প কাউকে দলে নিতে হবে। আমাদের চুক্তিতে কাউকে ধরে রাখার স্বাধীনতা নেই। তাই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলে এরকম কাউকে দলে নিতে হবে। যখন সে খেলবে না, তখন বিকল্প কাউকে খুঁজে পাওয়াও সহজ নয়।’
টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা যায় মার্তিনো গোমেজের প্রসঙ্গে বলেছেন, ‘প্যারাগুয়েতে আমার অনেক বন্ধু রয়েছে। আমার মনে হয় কোপাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। আমি তাকে পরামর্শ দিয়েছি যেকোনো একটি বেছে নিতে।’
দুটি আসর পাশাপাশি সময়ে হওয়ায় প্রায় দুই মাসের জন্য দুজন খেলোয়াড়কে দলে না পাওয়া যেকোনো কোচের জন্যই বড় চিন্তার বিষয়। প্যারাগুয়ে গোমেজকে কোন প্রতিযোগিতার জন্য চাইছে সে সিদ্ধান্ত আগে থেকেই নির্ধারণে তাগিদ দিয়েছেন মার্তিনো।
আশার কথা হলো মেসি এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছেন। মেসির শারীরিক অবস্থা সম্পর্কে মার্তিনো বলেন, ‘গত বছরের মাঝামাঝি যে সময়ে মেসি এসেছিল, এবারও আমি সেই একই মেসির দেখা পেয়েছি। সে খুব ভালো আছে, খুব ভালো অনুশীলন করছে। চোট থেকে সেরে উঠেছে, সে চাইলে পুরো ম্যাচ খেলতে পারত নিউওয়েলসের সঙ্গে।’
