বন্ধু সিমোনকে টেক্কা দিতে পারবেন তো সিমিওনে!

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ রাতে রাত ২টায় সান সিরোয় ইন্তার মিলানের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। ইন্তারের ভেন্যু চেনা মাঠ ডিয়েগো সিমিওনের জন্য। ১৯৯৬-৯৯ পর্যন্ত এ আর্জেন্টাইন ইন্তারের হয়ে খেলেছেন এই মাঠেই। সিমিওনের সাধ একদিন ইন্তারের কোচ হবেন, এখানেই শেষ করবেন কোচিং ক্যারিয়ার। এ ইচ্ছার কথা ২০১৮ সালে খোলাসা করেছিলেন সিমিওনের বোন।

ইন্তারের বর্তমান কোচ সিমোন ইনজাঘি। যিনি একটা সময় ছিলেন সিমিওনের সতীর্থ। দুজন ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত একসঙ্গে খেলেছেন লাৎসিওতে। তাই চ্যাম্পিয়নস লিগে ইন্তার-আতলেতিকো মাদ্রিদের এ ম্যাচটিকে আখ্যা দেওয়া যায় দুই সতীর্থের মস্তিষ্কের লড়াই বলে।

একসময়ের সতীর্থের দলকে হারানোটা যে সহজ হবে না তা ভালোই জানা আছে সিমিওনের। তাই তো ইন্তার নিয়ে মন্তব্য করতে গিয়ে আতলেতিকো কোচ বললেন, ‘একটা দল ভালো না হলে তারা সুপার কাপ বা লিগ জিততে পারে না। তাদের কোচ সিমোন, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমরা লাৎসিওতে একসঙ্গে খেলেছি। ইন্তারে (কোচ হিসেবে) তিনি দারুণ করছেন।’

এবারের মৌসুমে সিরি আ’তে শীর্ষে আছে ইন্তার মিলান। ২৪ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে এগিয়ে ৯ পয়েন্টে। এ বিষয়টি নিয়ে সিমিওনে বলেন, ‘তারা (ইন্তার) কেবল একটি ম্যাচ হেরেছে মৌসুমে। এবার তারা শক্তিশালী, যা করছে তার ওপর বিশ্বাস আছে। ডিফেন্স ও আক্রমণে দুর্দান্ত করছে।’

আতলেতিকো মাদ্রিদ এবারের লা লিগায় এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ৬টিতে হেরেছে। তবে সবশেষ ম্যাচে লা পালমাসকে বড় ব্যবধানে হারিয়েছে সিমিওনের দল। ওই ম্যাচে আন্তোইন গ্রিজমানকে খেলাননি সিমিওনে। চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে দলের সেরা তারকাকে বিশ্রামে রেখেছিলেন। আজ গ্রিজমান খেলবেন শুরু থেকেই।

২০২১-এর মে মাসে ইন্তারের দায়িত্ব নেওয়া ইনজাঘি ক্লাবকে ইতালিয়ান সুপার কাপ, ইতালিয়ান কাপ জিতিয়েছেন। তবে লিগ শিরোপা জেতাতে পারেননি। এবার তার দল পয়েন্ট টেবিলে ভালোভাবেই এগিয়ে আছে। চ্যাম্পিয়নস লিগেও গেল মৌসুমে ফাইনালে খেলেছে ইন্তার। তাই ইনজাঘি শুধু ঘরোয়া কাপ জেতাতে পারেন সেই দুর্নাম এবার ঘুচবে এমনটি প্রত্যাশা ইন্তার সমর্থকদের। আতলেতিকো নিয়ে ইনজাঘি বলেন, ‘তারা শারীরিক শক্তি প্রয়োগ করে খেলে, জানে তারা কী করতে চায়। আতলেতিকোতে দারুণ সব খেলোয়াড় আছেন, আছেন ভালো একজন কোচও।’

ইন্তার মিলান টানা ১০ ম্যাচে অপরাজিত। এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও কোনো ম্যাচ হারেনি তারা। আতলেতিকোও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে হারেনি কোনো ম্যাচ। আজ সান সিরোয় জমজমাট ম্যাচের আশা করতেই পারেন ফুটবলভক্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত