ওড়েনি পতাকা, নেই কোনো আয়োজন 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলেও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইজবাগ ইউনিয়ন পরিষদে চিত্র উল্টো। মহান শহীদ দিবসকে ঘিরে মাইজবাগ ইউনিয়ন পরিষদ ভবনে সকাল থেকে ওড়েনি জাতীয় পতাকা, শহীদদের শ্রদ্ধা জানাতে পরিষ্কার করা হয়নি শহীদ মিনার, টাঙানো হয়নি কোনো ব্যানার। উদ্যোগ নেওয়া হয়নি আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন পরিষদের ভবনে পাতাকায় ওড়ানো হয়নি। শহীদ মিনারে শ্রদ্ধাও জানানো হয়নি। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ছিল না কোনো কর্মসূচি। তবে দুপুরে সাংবাদিকদের ফোন পেয়ে ওড়ানো হয় পতাকা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারাবিশ্বে পালিত হলেও ইউনিয়ন পরিষদে কোনো কর্মসূচি পালন না করায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

মাইজবাগ ইউনিয়ন পরিষদ সচিব মো. খসরু মিয়া মোবাইল ফোনে দেশ রূপ্তারকে বলেন, ‘আমি নতুন এসেছি সামান্য ভুল ত্রুটি মাফ করবেন৷ পূর্বঘোষিত কর্মসূচির ফলে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) প্রকল্পের খাদ্য বিতরণের ফলে কোনো কর্মসূচি আয়োজন করা সম্ভব হয় নাই।’

ইউপি সদস্য মো.  বাবুল  মিয়া বলেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের ইউনিয়ন পরিষদে পতাকা উত্তোলন, ব্যানার টাঙানো, আলোচনা সভা ও দোয়া কোনো কিছুই হয়নি।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ইউনিয়ন পরিষদে পতাকা উত্তোলন, ব্যানার টাঙানো, আলোচনা সভা ও মিলদ মাহফিলের আয়োজন করার কথা। আমি মাইজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলে দেখছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত