চট্টগ্রামে এক শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতনের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির নাম জাহেদ উল্লাহ বিন খালেদ। মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের আসকার দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নির্যাতনে ব্যবহৃত লোহার শিক জব্দ করেছে পুলিশ।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ জানান, গত ১২ ফেব্রুয়ারি শিশুটি রেস্তোরাঁর নিচতলায় কাজের ফাঁকে দাঁত দিয়ে নখ কাটছিল। এ সময় জাহেদ উল্লাহ তাকে (শিশুটি) গালিগালাজ করলে সে পাল্টা জবাব দেয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাহেদ উল্লাহ শিশুটির পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে দেয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি লালখান বাজার মোড়ের বিরিয়ানি এক্সপ্রেস নামে একটি রেস্তোরাঁয় মাসিক ৩ হাজার টাকা বেতনে ক্লিনার হিসেবে কাজ করে।
এই ঘটনায় গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভুক্তভোগী শিশুর মা নারগিছ বেগম খুলশি থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। জাহেদ উল্লাহ বিন খালেদ চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শিকদার বাড়ির সাহাবউদ্দিনের ছেলে।
