অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্রর পঞ্চম উপন্যাস ‘বেকারবিপ্লব’। বইটি প্রকাশ করেছে বৈভব, যা পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৬৪৩ নম্বর স্টলে। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত, বইমেলায় ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে ৩০০ টাকায়।
উপন্যাসটি নিয়ে সালাহ উদ্দিন শুভ্র বলেন, প্রায় বিশ বছর আগে চাঁদপুর শহরে এক তরুণ বাম রাজনীতিতে জড়িয়ে পড়ে। সমাজতন্ত্রের বা সমানাধিকারের স্বপ্ন নিয়ে সে কীভাবে একটি বাম রাজনৈতিক দলে যুক্ত হলো, আবার কী কী সংকট মোকাবিলা করে সে ছিটকে গেল— এসব নিয়েই বেকারবিপ্লব।
লেখক আরও বলেন, বাম রাজনীতিতে অনেক তরুণ-তরুণী যুক্ত হন। পরে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে তারা প্রচণ্ড হতাশও হন। তাদের সেই অনুভূতি, মনোপীড়ন বাংলা সাহিত্যে সেভাবে আসেনি। সবসময় এসব দলের মাধুর্য বা যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। সামগ্রিক বিষয়গুলো ধরে উপন্যাস লেখার নজির বাংলাদেশে নেই বললেই চলে।
সালাহ উদ্দিন শুভ্রের অন্য উপন্যাসগুলো হলো: গায়ে গায়ে জ্বর (আদর্শ), খুন হওয়া ঘুম (বৈভব), অন্যমনস্ক দিনগুলি (হাওলাদার প্রকাশনী) ও আলোয় অন্ধ শহর (বৈভব)। পাশাপাশি তিনি সায়েন্স ফিকশনও লিখছেন। ছোটদের জন্য তার লেখা ‘গভীর জলে যাই’ এবং ‘গাছেরও মন আছে’ সায়েন্স ফিকশন দুটি বেশ সমাদৃত হয়েছে।
