বগুড়ায় চোর সন্দেহে মো. মোক্তার (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বগুড়া সদর থানার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সদরের রাজাপুর হটিলাপুর মধ্যপাড়া এলাকায় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার হোসেন সদরের মাটিডালী উত্তরপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে। বর্তমানে রাজাপুরের ডাকুর চক গুচ্ছগ্রামে বসবাস করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বগুড়া সদরের রাজাপুরের হটিলাপুর এলাকায় স্থানীয় জনতা চোর সন্দেহে মোক্তার হোসেনকে মারপিট করে বিদ্যুতের খুঁটির সাথে বেধে রাখে। এ সময় স্থানীয় গ্রামবাসী ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে শুক্রবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেদওয়ানুর রহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজির ব্যাটারি চুরিকে কেন্দ্র করে ওই এলাকায় ঝামেলা চলছিল। সেই কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে সকল বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। নিহত মোক্তারের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
