ইউটিউবে প্রশিক্ষণ, অতঃপর ৫০০ গাড়ি চুরি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ এএম

ইউটিউবে প্রশিক্ষণ নিয়ে ৫০০ গাড়ি চুরি করেছে চোরচক্রে একটি দল। ২০১২ সাল থেকে ভারতের দিল্লি এবং আশপাশের এলাকাতেই চুরি করত দলটি। সম্প্রতি এই দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ ও মুসৌরি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তাজ। তারপর সংসারের খরচ জোগাতে অটো চালাতেন। ২০১২ সালে রৌনক আলি ওরফে বাব্বুর সঙ্গে আলাপ হয় তার। তার পরেই দিল্লি এবং আশপাশের এলাকায় শুরু করেন গাড়ি চুরি। পরে তাজ এবং রৌনকের সঙ্গে দেখা হয় রিঙ্কু এবং হাকিমের। তারাও যোগ দেন দলে। প্রায়ই জেলে যেতেন তারা। সেখানে সাক্ষাৎ হয় গুড্ডু, মাটিন, কাশিফের সঙ্গে। তদন্তে জানা যায়, অভিযুক্তরা দুবাইয়ে গিয়ে দামি গাড়ির নকল চাবি তৈরি করে নিয়ে আসতেন।

পুলিশ সূত্রে জানা যায়, উন্নত প্রযুক্তির মাধ্যমে গাড়ি চুরি করত দলটি। যেসব গাড়িতে চুরি আটকানোর জন্য বিশেষ প্রযুক্তি থাকত, সেগুলিও খুলে চুরি করে ফেলতেন তারা। চুরি করা গাড়িগুলি সম্ভলের আমির নামে এক ব্যক্তি এবং গুজরাতের বরোদার এক ব্যক্তির কাছে পাঠিয়ে দিতেন অভিযুক্তেরা। ওই দুজনের কাছে প্রায় ২০০টি গাড়ি পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার অজিত কুমার জানান, গাড়ি চুরিতে আমির এবং তার স্ত্রীও জড়িত।

পুলিশ জানায়, অভিযুক্ত গুড্ডু, মাটিন, কাশিফ আগে গিয়ে গাড়িটি যাচাই করে আসতেন। এরপর গাড়ির লক ভেঙে ফেলতেন তারা। নয়তো কাচ ভেঙে গাড়ির ভেতর ঢুকে নকল চাবি তৈরি করে নিতেন। অভিযুক্তদের কাছে যে সফটওয়্যার ছিল, তা দিয়েই চাবি নকল করতেন তারা। অভিযুক্তরা জানিয়েছেন, ভাল জীবনযাপনের জন্যই এসব করেছিলেন।

সূত্র: এডিটিভি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত