অনেক কিছু বলতে চেয়েও কিছু না বলে চলে গেল লামিসা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২০ পিএম

'বলার ছিল অনেক কিছু, বলা হলো না কিছু'—ফেসবুকে এ লেখা পোস্ট করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে লামিসা জামান দিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

শরীয়তপুরের ডামুড্যা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডামুড্যা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকার ইতালিপ্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে লামিসা জামান দিয়া (১৭) ২০২৪ সালে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

পরিবার ও প্রতিবেশীরা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে লামিসা ওর রুমেই ছিল। এসময় ওর মা লাকি আক্তার বাড়ি ছিলেন না। বাড়িতে ছিলেন ওর খালা। হঠাৎ খালা লক্ষ করেন, অনেকক্ষণ ধরে ওর রুমের দরজা বন্ধ। এরপর অনেক সময় নক করার পরও রুমের দরজা না খোলায় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা রুমের দরজা ভেঙে লামিসাকে ভেন্টিলেটরের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান মৃত ঘোষণা করেন।

সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ জানান, মেয়েটার সাথে বৃহস্পতিবার পরীক্ষার পরও কথা বলেছি, খোঁজ-খবর নিলাম, জানতে চাইলাম পরীক্ষা কেমন হয়েছে। ও বলল- পরীক্ষা ভালো হয়েছে, কেন যে এমন করল, বুঝলাম না? 

ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত জাহান বলেন, কয়েকজন মিলে দিয়াকে হাসপাতালে নিয়ে আসে। আমি পরীক্ষা করে দেখি মৃত।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত