আজ রাত গেতাফের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে নামবে জাভির বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে নাপোলির সঙ্গে পয়েন্ট ভাগ করে এসেছে কাতালানরা। লা লিগায় ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে অভস্থান তিনে। দুইয়ে থাকা জিরোনার সংগ্রহ ৫৬। শীর্ষে ৬২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ। গাণিতিকভাবে এখনো লিগ শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে। আর কয়েকমাস বার্সার দায়িত্ব সামলানোর শেষ সময়টুকুতে সে সম্ভাবনাকেই নিজের পুঁজি করে এগোতে চান জাভি।
সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গাণিতিকভাবে আমাদের সম্ভাবনা থাকবে, আমরা লড়াই করব। আমরা ব্যর্থ হতে পারি না, বিশেষ করে নিজেদের মাঠে। লিগ নিয়ে এখনই আমরা হাল ছাড়ছি না। যদিও জানি কাজটা এখন কঠিন, আমরা তবু চেষ্টা করে যাব।”
ভ্রমণ ও ম্যাচখেলাজনিত ক্লান্তি রয়েছে বার্সা শিবিরে। তবে তাতে কোনো ছাড় দিতে চান না জাভি। বলেন, ‘এই ম্যাচটি রোববার বা সোমবার রাখলে ভালো হতো। তবে আমাদেরকে নির্ধারিত সূচিতেই খেলতে হবে এবং কোনো অজুহাত গ্রহনয়োগ্য নয়। আমরা চেষ্টা করব লড়তে এবং জিততে।’
বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর দল উন্নতি করছে বলে মনে করেন জাভি। নিজের এ সিদ্ধান্ত তাই ঠিক ছিল বলেই ভাবনা তার। জানান, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এই দলের উন্নতি হচ্ছে। ফুটবলাররা উজ্জীবিত হয়েছে এবং নিজেদের খেলা এক ধাপ এগিয়ে নিয়েছে। আমরা এখন আরও বেশি লড়িয়ে। আমার সিদ্ধান্তটি তাই সঠিকই ছিল।’
