এবার দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৩ পিএম

দেশের চারটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই পূর্বাভাবে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ সময়ে শুরুতে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবারও কমবে তাপমাত্রা।

শেষের ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে এ সময়ের শেষের দিকে দিনের এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। সেখানে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ৩১.২ ডিগ্রি তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত