ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৯ 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৯জন দগ্ধ হয়েছেন।  

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সফি আলম (১২), রবিউল (৫), সোহেল (৫), রাসেল (৩), মোবাশের (৩২) বসির উল্যা (১৫) রশমিদা (৩) জোবায়দা (১১) আমেনা খাতুন (২৪)।

পুলিশ জানায়, সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নম্বর ক্লাস্টারে আব্দুর শুকুরের রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়।  একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শিশুসহ ৯জন আহত হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া জানান, আহতদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. মহিউদ্দিন মো. আবদুল আজিম জানান, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তিন জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত